বাবা-মাকে টাকা দিলেই স্ত্রীর রাগ? জানুন আসল কারণ!
বার্তা ডেস্কঃ
দাম্পত্য জীবনে ফাটল ধরার জন্য সব সময় বড় কোনো ঘটনার প্রয়োজন হয় না। অনেক সময় খুব সূক্ষ্ম ও ছোটখাটো বিষয়ও সুন্দর একটি সম্পর্ক তিক্ত করে তোলার জন্য যথেষ্ট। বহু পরিবারেই একটি বিশেষ চিত্র দেখা যায়—স্বামী নিজের বাবা-মাকে অর্থ দিলে কিংবা কোনো দামি উপহার কিনে দিলে স্ত্রী অসন্তুষ্ট হন বা রেগে যান।
তবে এই ক্ষোভের মূল কারণ কি শুধুই টাকা, নাকি এর নেপথ্যে কাজ করে গভীর কোনো মানসিক টানাপোড়েন? মণিপাল হাসপাতালের প্রখ্যাত কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাহেলী গঙ্গোপাধ্যায়ের মতে, বিষয়টিকে কেবল ‘অর্থের লোভ’ বা ‘আর্থিক নিয়ন্ত্রণ’-এর দৃষ্টিকোণ থেকে দেখা ভুল।
টাকার আড়ালে লুকিয়ে থাকা নিরাপত্তাহীনতা
ক্লিনিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে এই মনোবিদ জানান, এর পেছনে ব্যক্তির ব্যক্তিত্বের গঠন, অমীমাংসিত নিরাপত্তাহীনতা, প্রত্যাখ্যাত হওয়ার ভয় কিংবা আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতার মতো মনস্তাত্ত্বিক বিষয়গুলো জড়িয়ে থাকে। মূলত, স্বামী যদি নিজের বাবা-মাকে বেশি অর্থ বা সময় দেন, তবে স্ত্রীর মনে নিজের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কায় একধরনের অস্তিত্ব সংকট তৈরি হয়। নতুন সংসারে নিজের প্রভাব বা অধিকার হারিয়ে যাওয়ার এই ভয় থেকেই সংঘাতের সূচনা ঘটে।
সমাধানের উপায়
এ ধরনের সংবেদনশীল বিষয় কাটানোর একমাত্র পথ খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া। দাম্পত্যের শুরুতেই সম্পর্কের সীমারেখা এবং প্রত্যাশাগুলো স্পষ্ট করে নেওয়া প্রয়োজন।
মনোবিদের মতে, এই সমস্যা সমাধানে ‘প্রি-ম্যারিটাল কাউন্সেলিং’ অত্যন্ত কার্যকর হতে পারে। বিয়ের আগেই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নির্ধারণ, পারিবারিক দায়িত্ব বাঁটোয়ারা এবং একে অপরের মনস্তাত্ত্বিক গঠন সহজে বুঝে নেওয়া সম্ভব হয়, যা পরবর্তী সময়ে বড় ধরনের পারিবারিক অশান্তি এড়াতে সাহায্য করে।