১৫ অক্টোবর থেকে UPI ব্যবহারে টাকা কাটবে কি? অর্থমন্ত্রীর বড় ঘোষণা!
বার্তা ডেস্কঃ
September 22, 20261:04 pm
আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই (UPI) পেমেন্টের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি—তবে কি এবার কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা করলেও পকেট থেকে বাড়তি টাকা খসবে?
বিরোধীদের তোপ ও অর্থমন্ত্রীর কড়া জবাব বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো কর (Tax) বা সেস নয় এবং এই টাকা সরকারের কনসোলিডেটেড ফান্ডেও জমা হবে না।
অর্থমন্ত্রীর কথায়, ইউপিআই ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল পরিষেবা আরও মসৃণ করতেই সার্ভিস প্রোভাইডারদের জন্য এই চার্জ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ২,০০০ টাকার কম লেনদেনে কোনো চার্জ নেই এবং এই এমডিআর মূলত অপারেটর ও ব্যবসায়ীদের মধ্যকার একটি প্রক্রিয়া—সাধারণ গ্রাহকদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। বিরোধীরা ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি তোপ দাগেন।
গ্রাউন্ড রিপোর্ট: পেট্রোল পাম্প ও ব্যবসায়ীদের উদ্বেগ যদিও এই চার্জ সরাসরি ক্রেতাদের থেকে নেওয়ার কথা নয়, তবুও লাভের মুখ কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক বেশ কিছু গ্রাউন্ড রিপোর্টে জানা গেছে, চার্জ বাঁচানোর জন্য পেট্রোল পাম্পসহ অনেক দোকানদারই এখন ইউপিআই-এর বদলে নগদ টাকাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ফলে নিয়মটি কার্যকর হওয়ার আগেই সাধারণ গ্রাহকদের এক ধরণের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এক নজরে নতুন UPI MDR নিয়মের মূল দিকগুলো:
- ২,০০০ টাকার কম লেনদেন: সম্পুর্ণ চার্জমুক্ত (০% MDR)।
- ২,০০০ টাকার বেশি লেনদেন: সর্বোচ্চ ০.৪% পর্যন্ত এমডিআর ধার্য করা হবে।
- ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি: ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনকারী ব্যবসায়ীদের এই চার্জের বাইরে রাখা হয়েছে।
- পেট্রোল পাম্পের জন্য নির্দিষ্ট দর: পেট্রোল পাম্পের লেনদেনে একটি ফ্ল্যাট-রেট মডেল থাকছে, যেখানে চার্জ সর্বোচ্চ ৫ টাকার বেশি হবে না।
১৫ অক্টোবর এই নিয়ম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পরই বোঝা যাবে বাজারের ডিজিটাল লেনদেনে এটি ঠিক কতটা প্রভাব ফেলছে।