হাইকোর্টে বড় ধাক্কা খেলেন ‘পাথরসম্রাট’ টুলু, খারিজ রক্ষাকবচের আর্জি!
বার্তা ডেস্কঃ
September 22, 20262:22 pm
কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি ধাক্কা খেলেন বীরভূমের ‘পাথরসম্রাট’ তথা তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর বাতিল এবং পুলিশের হাত থেকে রক্ষাকবচ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের এই রায়ের ফলে বর্তমানে বেপাত্তা এই ব্যবসায়ীর আইনি সংকট অনেকটাই বৃদ্ধি পেল।
সাড়ে ২৮ কোটি নগদ ও বিপুল সোনা উদ্ধার
সম্প্রতি টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে একপ্রকার নজিরবিহীনভাবে সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করে রাজ্য পুলিশ। এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের পর থেকেই পুলিশের মূল নজরে চলে আসেন টুলু মণ্ডল। হিসাববহির্ভূত অর্থ, সোনা উদ্ধার এবং সংগঠিত অপরাধের একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে অভিযানের পর থেকেই তিনি আত্মগোপন করে রয়েছেন। তাঁর বেআইনি সম্পত্তির উৎসের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চালিয়েও এখনও টুলুর সুনির্দিষ্ট হদিস পাননি তদন্তকারীরা।
বোলপুর কাণ্ডে ফের টুলু-যোগের জল্পনা
এরই মাঝে বোলপুরের মহিদাপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি চারচাকা গাড়ি আটকে তল্লাশি চালাতেই মেলে বিপুল পরিমাণ ভারতীয় নগদ অর্থ এবং পশ্চিম এশিয়ার বৈদেশিক মুদ্রা। গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে টুলুর শালা মিন্টু শেখের নিকটাত্মীয় শান্ত শেখের নাম। গাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ টুলুর এই আত্মীয়েরই বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই অর্থের সঙ্গে টুলু মণ্ডলের প্রত্যক্ষ কোনও যোগ রয়েছে কি না, কোথা থেকে বৈদেশিক মুদ্রা এল এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।