অন্নপূর্ণা যোজনা নাকি বিধবা ভাতা, আপনার জন্য সেরা কোনটি?
বার্তা ডেস্কঃ
September 23, 202612:38 pm
রাজ্যে আর একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা—এই দুটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যেকোনো একটি বেছে নিতে হবে উপভোক্তাদের। সম্প্রতি রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারের কাছে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছে।
যে সমস্ত মহিলারা এতদিন দুটি প্রকল্পের সুবিধাই একই সাথে পাচ্ছিলেন, তাঁদের কাছে এখন থেকে লিখিত সম্মতি নেওয়া হবে। নির্দেশিকা অনুযায়ী, উপভোক্তাকে স্পষ্ট জানাতে হবে যে তিনি বর্তমান বিধবা ভাতা বজায় রাখতে চান, নাকি বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা গ্রহণ করতে আগ্রহী।
ইতোমধ্যেই যেসব উপভোক্তা দুটি সুবিধার আওতায় রয়েছেন, তাঁদের একটি তালিকা রাজ্যের ‘সমর্থ’ পোর্টাল-এ তুলে ধরা হয়েছে। উপভোক্তাদের থেকে লিখিত পছন্দ বা সম্মতিপত্র সংগ্রহ করে সেই পোর্টালেই আপলোড করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে হবে।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতার পরিমাণ মাসে ১,৫০০ টাকা। দুটি প্রকল্পের ভাতার পরিমাণে উল্লেখযোগ্য পার্থক্য থাকায়, উপভোক্তারা যেন বুঝে-শুনে তাঁদের পছন্দের সুবিধাটি বেছে নেন, সে কারণেই লিখিত সম্মতিপত্র গ্রহণের এই নির্দেশ।