গাড়িতে পর পর হামলা, প্রাণভয়ে আদালতের দ্বারস্থ কুণাল ঘোষ!
বার্তা ডেস্কঃ
September 28, 202612:59 pm
কলকাতা: পরপর দু’দিন গাড়িতে আক্রমণের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আদালতের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। লাগাতার নিশানা করা হচ্ছে এবং এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে— এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে সুরক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা ও হামলার পুনরাবৃত্তি রোখার আর্জিও পেশ করেছেন বিধায়ক।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বারবার হামলার বিষয়টিকে গুরুতর উল্লেখ করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি জানান, নিয়ম মেনে নির্দিষ্ট তালিকাক্রম অনুসারেই মামলার শুনানি হবে।
কী ঘটেছিল গত দু’দিনে? ঘটনার সূত্রপাত শনিবার। শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ডিম, পাথর ছোঁড়ার পাশাপাশি রড দিয়েও হামলা চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত থাকায় কুণালকে কলকাতায় ফিরে আসতে হয়। এরপর ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে ভবানী ভবনে গেলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় ফের আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন কুণাল। তাঁর দাবি, বাড়ি থেকে বেরোনোর পর আগ্নেয়াস্ত্রধারী কয়েকজন বাইক আরোহী তাঁর পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর গাড়ির কাচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এবং হাতুড়ি দিয়ে কাচ ভাঙার চেষ্টা চলে।
উত্তপ্ত রাজনীতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এই জোড়া হামলার ঘটনায় কুণাল ঘোষ সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন এবং একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। রাজনীতি ও নিরাপত্তার দ্বন্দ্বে হাই কোর্ট এখন কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।