ভেঙে গেল কুণাল ঘোষের গাড়ি! বড় চক্রান্তের ইঙ্গিত কি?
বার্তা ডেস্কঃ
September 28, 202612:50 pm
কলকাতা: পর পর দুই দিন গাড়িতে হামলা ও প্রাণনাশের আশঙ্কায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিজের সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি। তবে প্রথম ধাক্কাতেই আদালতের কাছ থেকে বিশেষ কোনো স্বস্তি পেলেন না এই বিধায়ক। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মামলার কোনো দ্রুত শুনানি হবে না; স্বাভাবিক নিয়মেই বিচার প্রক্রিয়ার তালিকায় আসবে মামলাটি।
ঠিক কী ঘটেছিল? অভিযোগ, শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় প্রথমবার কুণাল ঘোষের ওপর হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও ডিম ছোড়া হয় বলে দাবি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তিনি সভায় না গিয়ে কাচ-ভাঙা গাড়ি নিয়েই কলকাতায় ফিরে আসেন।
ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার নিজের কেন্দ্র বেলেঘাটায় ফের আক্রান্ত হন তিনি। কুণাল ঘোষের অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরেই রিভলভার হাতে কিছু দুষ্কৃতী তাঁর পিছু নেয়। এরপর হাতুড়ি ও পাথর দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এমনকি নারকেলডাঙার কাছে বাইকবাহিনী তাঁর গাড়ি ঘিরে ধরে এবং তাঁর কলার চেপে ধরা হয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বন্দুক বের করলে দুষ্কৃতীরা চম্পট দেয়।
আদালতে কেন গেলেন বিধায়ক? পরপর দু’দিনের এই হামলার ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন কুণাল ঘোষ। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান।
তবে কুণালকে মামলা দায়ের করার অনুমতি দিলেও, জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। ফলে হাইকোর্টের স্বাভাবিক প্রক্রিয়ার নিয়মেই এই মামলার শুনানি হবে।