২৫০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার হলো না শিশু, শোকের ছায়া ফরিদাবাদে!
বার্তা ডেস্কঃ
September 28, 20261:40 pm
হরিয়ানা: খেলতে খেলতে ২০০-২৫০ ফুট গভীর পরিত্যক্ত কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ৩ বছরের শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের সিহি গ্রামে। প্রায় ১০ ঘণ্টার টানা উদ্ধারকাজের পর সোমবার ভোররাতে শিশুটিকে উদ্ধার করা হলেও হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম নেহা (৩)। রবিবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি কুয়োর ধারে পার্ক করে রাখা ট্র্যাক্টরের ওপর উঠে খেলছিল কয়েকজন শিশু। আচমকাই ট্র্যাক্টর থেকে পা পিছলে সোজা ২০০-২৫০ ফুট গভীর কুয়োর ভেতরে পড়ে যায় নেহা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় NDRF, SDRF, রাজ্য পুলিশ ও পুরসভার প্রতিনিধিরা।
১০ ঘণ্টার রুদ্ধশ্বাস রেসকিউ অপারেশন
NDRF-এর ডেপুটি কম্যান্ডার কুনাল তেওয়ারি জানান, রবিবার সন্ধে ৭:৪৫ নাগাদ কন্ট্রোল রুম থেকে খবর পেয়েই টিম রওনা দেয়। কুয়োর প্রায় ১২৫ ফুট গভীরতায় জল থাকায় এবং রাতের অন্ধকার থাকায় উদ্ধারকাজে প্রবল বেগ পেতে হয়। জোরালো আলো এবং বিশেষ ক্যামেরার সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। গভীর কুয়োর ভেতর থেকে ওই একফোঁটা শিশুর কান্নার আওয়াজও পাচ্ছিলেন উদ্ধারকারীরা। অবশেষে সোমবার ভোর চারটে নাগাদ ১০ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুরসভার গাফিলতির অভিযোগ
নেহার বাবার অভিযোগ, ওই কুয়োটি ফরিদাবাদ পুরসভার অধীনে এবং গত ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিছু দিন আগে কুয়োর ওপরের ঢাকনাটিও সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো নজরদারি ছিল না। প্রশাসনের এই চরম গাফিলতির কারণেই এক নিষ্পাপ শিশুর প্রাণ গেল বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।