অনলাইনে জনগণনা করার সহজ উপায় জানালেন প্রধানমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
September 28, 20261:42 pm
চলতি জনগণনায় দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সার্বিক উন্নতির জন্য সেনসাস অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি জানান, জনগণনায় অংশগ্রহণ করা প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব।
সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে তাঁর অফিসিয়াল ‘X’ (প্রাক্তন টুইটার) হ্যান্ডলেও বিষয়টি নিয়ে পোস্ট করা হয়। উত্তরাখণ্ডের সীমান্ত গ্রাম মানা-র এক বৃদ্ধা এবং উত্তরকাশীর এক হোম-স্টে ব্যবসায়ীর উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি কোণ থেকে তথ্য সংগ্রহ কতটা গুরুত্বপূর্ণ।
৩২ কোটির বেশি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন প্রধানমন্ত্রী জানান, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার প্রথম পর্যায় প্রায় শেষের মুখে। এ পর্যন্ত ৩২ কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত করা হয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে তথ্য দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই ২ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পোর্টালে নিজেদের তথ্য বা ‘সেলফ সেনসাস’ সম্পন্ন করেছেন।
অনলাইনে কীভাবে করবেন স্ব-গণনা (Self-Census)?
সহজ কয়েকটি ধাপে ঘরে বসেই অনলাইনে নিজের ও পরিবারের তথ্য জমা দেওয়া সম্ভব:
- ধাপ ১: সরাসরি জনগণনার অফিশিয়াল পোর্টাল
se.census.gov.in-এ যান। - ধাপ ২: নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টালে লগ-ইন করুন।
- ধাপ ৩: আপনি কোথা থেকে ফর্ম পূরণ করছেন, সেই লোকেশন সংক্রান্ত তথ্য দিন।
- ধাপ ৪: নিজের ও পরিবারের বাকি সদস্যদের যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন।
- ধাপ ৫: সাবমিট করার পর স্ক্রিনে একটি আইডি (ID) নম্বর তৈরি হবে।
- ধাপ ৬: পরবর্তীতে আপনার বাড়িতে সেনসাস কর্মী এলে ওই আইডি নম্বরটি তাঁর হাতে তুলে দিন।
১৫ আগস্টের ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী পুনর্নিশ্চিত করেন যে, দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সঠিক রাখতে সেনসাসের জন্য দেশবাসীর কিছুটা সময় বের করে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।