১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে SBI-এর ATM নিয়ম, আপনার অ্যাকাউন্টে টাকা আছে তো?
বার্তা ডেস্কঃ
September 28, 20261:45 pm
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বড় খবর! আগামী ১ অক্টোবর থেকে অন্য ব্যাংকের ATM ব্যবহারে বড় পরিবর্তন আনতে চলেছে ব্যাংক। এবার থেকে মাসে অন্য ব্যাংকের ATM থেকে বিনামূল্যে লেনদেনের সীমা এক ধাক্কায় কমিয়ে অর্ধেক করে দেওয়া হচ্ছে।
১ অক্টোবর থেকে কী বদলাচ্ছে? বর্তমানে SBI-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের (Salary Package Account) গ্রাহকরা অন্য যেকোনো ব্যাংকের ATM বা ADWM (Automated Deposit Cum Withdrawal Machine) থেকে মাসে ১০টি পর্যন্ত ফ্রি লেনদেন করতে পারেন। কিন্তু ১ অক্টোবর, ২০২৬ থেকে সেই সংখ্যা কমে হবে মাত্র ৫টি। মেট্রো এবং নন-মেট্রো— উভয় এলাকার জন্যই একই নিয়ম প্রযোজ্য হবে।
কোন কোন লেনদেন ফ্রি সীমার মধ্যে পড়বে? মনে রাখবেন, এই ৫টি লেনদেনের মধ্যে টাকা তোলার পাশাপাশি অ-আর্থিক লেনদেনও (Non-financial transactions) যুক্ত থাকবে। অর্থাৎ ATM-এ গিয়ে শুধু ব্যালেন্স চেক করা বা মিনি স্টেটমেন্ট নেওয়ার মতো কাজ করলেও তা এই ৫টি ফ্রি লেনদেনের মধ্যেই গণনা করা হবে।
ফ্রি সীমা শেষ হলে কত টাকা চার্জ কাটবে? মাসে অন্য ব্যাংকের ATM থেকে ৫টি ফ্রি লেনদেন শেষ হয়ে যাওয়ার পর:
- নগদ টাকা তুললে (Financial Transaction): প্রতি লেনদেনে ২৩ টাকা + GST চার্জ দিতে হবে।
- ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট (Non-Financial Transaction): প্রতি লেনদেনে ১১ টাকা + GST কাটবে ব্যাংক।
নিজের ব্যাংকের (SBI) ATM-এর ক্ষেত্রে কি নিয়ম বদলাচ্ছে? না, SBI-এর নিজস্ব এটিএম ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মে কোনো প্রভাব পড়ছে না। স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকরা স্টেট ব্যাংকের নিজস্ব ATM থেকে আগের মতোই মাসে ১০টি পর্যন্ত ফ্রি লেনদেন (আর্থিক ও অ-আর্থিক মিলিয়ে) করতে পারবেন।
অন্য সাধারণ সেভিংস অ্যাকাউন্টের কী হবে? এই নতুন নিয়মটি শুধুমাত্র SBI Salary Package Account গ্রাহকদের জন্য জারি করা হয়েছে। SBI-এর অন্যান্য সাধারণ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য আগে থেকে যে নিয়ম ও ফ্রি লিমিট প্রযোজ্য ছিল, তা-ই বজায় থাকবে।