অষ্টম শ্রেণি থেকেই সাইকেল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বদলে গেল ‘সবুজ সাথী’র নাম
বার্তা ডেস্কঃ
September 29, 20266:48 pm
কলকাতা: রাজ্যে শিক্ষা পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তা প্রদানে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম ও লোগো বদলে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নতুন কর্মসূচি ‘সারথি’। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্প বন্ধ না করে তার গুণগত মান বাড়ানোর লক্ষ্যেই এই নতুন রূপরেখা।
অষ্টম শ্রেণি থেকেই মিলবে সাইকেল ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে রাজ্যের ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে সাইকেল। এতদিন মূলত নবম শ্রেণির পড়ুয়ারা সাইকেল পেলেও, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাও এই সুবিধার আওতায় আসবে। সাইকেলের স্থায়িত্ব ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রি-স্তরীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে খারাপ রাস্তাতেও পড়ুয়ারা নিরাপদে যাতায়াত করতে পারে।
রাজ্যেই তৈরি হবে সাইকেল কারখানা সাইকেল নির্মাণের পরিকাঠামো তৈরি করতে রাজ্যে শিল্প বিনিয়োগের বার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যারা সাইকেল তৈরির কারখানা গড়বে, তাদের চুক্তিভিত্তিক জমি দেওয়ার পাশাপাশি উৎপাদিত সাইকেল কিনে নেওয়ার প্রতিশ্রুতিও সরকারের চুক্তির অংশ থাকবে।
স্মার্ট স্কুল, স্কলারশিপ ও পোশাকের স্বাধীনতা শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
- স্মার্ট স্কুল: রাজ্যের ৮০০টি স্কুলে চালু হবে আধুনিক স্মার্ট ক্লাসরুম।
- স্কুলব্যাগ ও ইউনিফর্ম: বৃদ্ধি করা হচ্ছে স্কুলব্যাগের গুণগত মান। পাশাপাশি স্কুলের পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে বিদ্যালয়গুলোকে নিজস্ব স্বাধীনতা দেওয়া হবে, তবে কাপড়ের মান সুনিশ্চিত করবে সরকার।
- আর্থিক সহায়তা বৃদ্ধি: ‘কন্যারত্ন’ প্রকল্পে বর্তমানে প্রাপ্ত ১,০০০ টাকার আর্থিক সহায়তা ২০২৭ সালের মধ্যে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে।
ইসকনের মাধ্যমে পুষ্টিকর আহার পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতায় ইসকনের মাধ্যমে পুষ্টিকর খাবার জোগানোর পরিধি কয়েক গুণ বাড়ানো হচ্ছে। বর্তমানে ৪৪ হাজার পড়ুয়া এই সুবিধা পেলেও আগামী এক মাসের মধ্যে তা ২ লক্ষ ৪০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হাওড়া জেলাকেও খুব দ্রুত এই পুষ্টিকর খাবার কর্মসূচির আওতায় আনা হবে।