খাতায়-কলমে নতুন দায়িত্ব, কিন্তু ‘মুখ’ সেই খাঁ-সাহেবই! পদ্মের যুবমোর্চায় আসলে কী চলছে?
বার্তা ডেস্কঃ
‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে পশ্চিমবঙ্গ বিজেপি যুবমোর্চার সভাপতি পদ থেকে সরতে হয়েছে ক্যানসার চিকিৎসক তথা বর্তমান মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। আমতার বিধায়ক অমিত সামন্ত নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেও, বিজেপির প্রধান ‘যুব-মুখ’ হিসেবে এখনও ইন্দ্রনীলকেই সামনে রাখা হচ্ছে। সম্প্রতি দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের রাজ্য সফরে ‘যুব ভারত সংলাপ’ কর্মসূচির মূল আয়োজক হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা ছিল অত্যন্ত লক্ষণীয়। দায়িত্ব হস্তান্তরের পরও প্রাক্তন ও বর্তমান সভাপতির মধ্যবর্তী এমন মেলবন্ধন রাজ্য রাজনীতিতে সচরাচর দেখা যায় না।
মূলত ইন্দ্রনীলের আমলেই রাজ্য যুবমোর্চা প্রথমবার মণ্ডল স্তর পর্যন্ত কমিটি গঠনে সফল হয়েছিল। এছাড়া ‘গ্রাম চলো’ কিংবা ‘বাজেট টক’-এর মতো নজরকাড়া কর্মসূচিগুলো কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা কুড়িয়েছে। তরুণ প্রজন্মে শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বের বার্তা দিতেই তাঁর গুরুত্ব বজায় রাখতে চায় বিজেপি। ফলে খাতায়-কলমে অমিত সামন্ত শীর্ষপদে বসলেও, সংগঠনের মূল চালিকাশক্তি হিসেবে যুবমোর্চার আকাশ জুড়ে এখনও বিরাজ করছেন ইন্দ্রনীল খাঁ।