পুজোর মুখে বড় ধাক্কা, কলকাতায় আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের দাম!

বার্তা ডেস্কঃ

অক্টোবরের প্রথম দিনেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এল রান্নার গ্যাসের নতুন দর। পুজোর আনন্দের ঠিক আগে এক ধাক্কায় প্রায় ৭০ টাকা দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। এর ফলে আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২৯৫৪ টাকা, যা আগের মাসে ছিল ২৮৮৪ টাকা। তবে স্বস্তির খবর হলো, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয়নি এবং তা আগের মতো ৯৬৮ টাকাতেই অপরিবর্তিত থাকছে।

এই মূল্যবৃদ্ধির জেরে উৎসবের মরশুমে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং ও বিভিন্ন খাদ্য ব্যবসায়ে রান্নার সামগ্রিক খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি বছরের গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দামে ওঠানামা লক্ষ্য করা গেছে। কখনো দাম কমলেও অক্টোবরে এসে তা আবারও বাড়ল। ব্যবসায়ীদের একাংশের মতে, পুজোর মুখে এই মূল্যবৃদ্ধি খাদ্যপণ্য ও বাইরের খাবারের খরচে প্রভাব ফেলতে পারে। তবে সাধারণ গৃহস্থদের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় মধ্যবিত্ত পরিবারগুলি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *