পুজোর মুখেই বড় ধাক্কা, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৭০ টাকা!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুম শুরু হতে না হতেই আমজনতা ও ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। ১ অক্টোবর মধ্যরাত থেকে আবারও বাড়ানো হলো ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দুর্গাপুজো ও আসন্ন বিয়ের মরশুমের মুখে এই দাম বৃদ্ধিতে মাথায় হাত রেস্তোরাঁ ও ক্যাফে মালিকদের। তবে স্বস্তির বিষয়— গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

কলকাতায় সিলিন্ডারের নতুন দাম কত? তিলোত্তমায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে যে সিলিন্ডারের দাম ছিল ২,৮৮৪ টাকা, ১ অক্টোবর থেকে তা কিনতে গুনতে হবে ২,৯৫৪ টাকা।

অন্যদিকে, সাধারণ মানুষের স্বস্তি বজায় রেখে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম আগের মতোই ৯৬৮ টাকা রাখা হয়েছে।

বাইরে খাওয়াদাওয়া ও পুজো পরিক্রমায় বাড়বে খরচ? পুজোর দিনে বাইরে খাওয়া-দাওয়া বাঙালির অন্যতম পছন্দ। তবে বাণিজ্যিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে—

  • হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফেতে খাবারের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
  • মিষ্টির দোকানগুলিতেও প্রভাব পড়তে পারে।
  • পুজো মিটলেই বিয়ের মরশুম শুরু, সেখানে ক্যাটারিং পরিষেবার খরচ একধাক্কায় বেশ কিছুটা বেড়ে যেতে পারে।

গত কয়েক মাসে গ্যাসের দামের চিত্র:

  • এপ্রিল-মে: এপ্রিলে ২১৯.৫০ টাকা বাড়ার পর মে মাসে এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে দাম দাঁড়ায় ৩,২০২ টাকা।
  • জুন: জুনে আরও ৫৩.৫০ টাকা বেড়ে পৌঁছেছিল ৩,২৫৫.৫০ টাকায়।
  • জুলাই-আগস্ট: এই দুই মাসে টানা দাম কমে আগস্টে দাঁড়ায় ২,৮৭২ টাকায়।
  • সেপ্টেম্বর-অক্টোবর: সেপ্টেম্বরে ১১.৫০ টাকা বাড়ার পর অক্টোবর মাসের শুরুতেই আবার ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *