পুজোর মুখে থমকে বর্ষা, নিম্নচাপে কি ফের ভাসবে বাংলা?
বার্তা ডেস্কঃ
দেশজুড়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনায় রাজ্যবাসীর মনে জল্পনা তৈরি হয়েছে। তবে দুর্গোৎসবের প্রাক্কালে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে আপাতত মুক্ত বাংলা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উইকএন্ডে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর দুর্যোগহীন থাকবে এবং তিলোত্তমা কলকাতায় আংশিক মেঘলা আকাশের সাথে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বর্ষণ বজায় থাকবে। শনি ও রবিবারও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টি অব্যাহত থাকলেও আগামী সপ্তাহের শুরু থেকেই তা ক্রমশ কমতে শুরু করবে। ফলে বঙ্গোপসাগরে নিম্নচাপের জল্পনা থাকলেও পুজো কেনাকাটা ও চূড়ান্ত প্রস্তুতির মুখে স্বস্তিদায়ক খবরই শোনাল আবহাওয়া দপ্তর।