পুকুর ভরাট রুখল পুরসভা, দক্ষিণ দমদমে তুমুল শোরগোল!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে তৃণমূল কাউন্সিলার বিউটি হালদারের পারিবারিক জায়গায় থাকা বুজিয়ে ফেলা পুকুর উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য ছড়ালো। বুধবার দক্ষিণ দমদম পুরসভা ও দমদম থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়ে দুটি জেসিবি দিয়ে পুনরায় পুকুর খননের কাজ শুরু করে। দীর্ঘদিনের অভিযোগ ছিল, ২০১২ সালে এই জলাশয়টি বেআইনিভাবে ভরাট করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে পুরসভার পক্ষ থেকে এফআইআর দায়ের হলে প্রশাসন আইনি প্রক্রিয়া শুরু করে। এই বিষয়ে স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সি জানান, সম্পূর্ণ আইন ও নিয়ম মেনেই পুরসভা এই উদ্ধারকাজ পরিচালনা করেছে।

যদিও এই অভিযানের সময় পুর আধিকারিক ও পুলিশকে সরাসরি বাধা দেন কাউন্সিলার বিউটি হালদার ও তাঁর স্বামী বিপ্লব হালদার। পুলিশ তাঁদের সরিয়ে দিয়ে ঘটনাস্থলে থাকা একটি টিনের ঘর ভেঙে ফেলে এবং পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনে। তবে কাউন্সিলারের পরিবারের দাবি, সেখানে আগে কোনো পুকুর ছিল না এবং আদালতের ১৪৪ ধারার নির্দেশ থাকা সত্ত্বেও গায়ের জোরে তাঁদের হেনস্থা করা হয়েছে। পুরসভার এই বেআইনি পদক্ষেপ ও ভাঙচুরের বিরুদ্ধে তাঁরা পুনরায় আদালতে আইনি লড়াইয়ে নামছেন বলে স্পষ্ট জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *