রক্তের জন্য আর হয়রানি নয়, বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য দপ্তরের!

বার্তা ডেস্কঃ

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্তের প্রয়োজনে চরম হয়রানির শিকার হতে হয়। সাধারণ গ্রুপের রক্তও অনেক সময় নিজস্ব ব্লাড ব্যাঙ্ক থেকে পাওয়া যায় না বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। মুমূর্ষু রোগীর পরিজনদের রক্তের খোঁজে দিশেহারা হয়ে চারদিকে ঘুরে বেড়াতে হয়। সাধারণ মানুষের এই দুর্ভোগ এড়াতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার একটি নির্দেশিকা জারি করে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে যুক্ত ব্লাড ব্যাঙ্কগুলিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকায় স্বাস্থ্য দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, বিরল বা রেয়ার গ্রুপের রক্ত ছাড়া অন্যান্য সাধারণ রক্ত পেতে রোগীদের যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়। নিজস্ব ব্লাড ব্যাঙ্ক থেকেই যাতে রক্তের চাহিদা মেটানো যায়, তা হাসপাতাল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। রক্তের জোগান পর্যাপ্ত রাখতে এখন থেকে বেসরকারি ব্লাড সেন্টারগুলিকেও নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। রক্তদান শিবির আয়োজনে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির অনীহা দূর করতেই এই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *