ঘাটালের জলে তলিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, পরিস্থিতি নিয়ে জরুরি তলব মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় নদীগুলির জলস্তর কমতে শুরু করলেও ঘাটাল ও খড়ার শহরসহ বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। এরই মধ্যে ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে জমে থাকা প্লাবনের জলে ডুবে রুদ্রাণী চৌধুরী নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জলমগ্ন পরিস্থিতির মধ্যেই ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড, খড়ার পুরসভার ৪টি ওয়ার্ড এবং একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে মহকুমার শতাধিক বিদ্যালয়ে। উদ্ধারকাজে গতি আনতে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও পানীয় জল বিতরণের পাশাপাশি বহু নৌকা ও স্পিডবোট মোতায়েন রাখা হয়েছে।

বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মাটির ক্ষতিপূরণ হিসেবে প্রতি পরিবারকে ১ লক্ষ ৮০ হাজার টাকা সাহায্যের কথা জানান। এছাড়া জলমগ্ন এলাকার ফসল ও সবজির ক্ষয়ক্ষতি মেটাতে ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেচ দপ্তর সূত্রের খবর, রূপনারায়ণ নদের জলের চাপ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্লাবিত এলাকাগুলি থেকে জল বের হতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রশাসন ও স্থানীয় বিধায়কের তরফে প্রত্যন্ত ত্রাণশিবিরে সার্বক্ষণিক নজরদারি ও ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা সচল রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *