ঝাড়ফুঁকের নামে বধূর শ্লীলতাহানি! চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ভণ্ড তান্ত্রিক

বার্তা ডেস্কঃ

ঝাড়গ্রামের জামবনি থানার শালপাতড়া গ্রামে ঝাড়ফুঁকের নামে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতার সুযোগ নিয়ে কবিরাজি ও ঝাড়ফুঁক করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে শম্ভু মাহাতো নামের এক তান্ত্রিক ওই মহিলার ওপর অশালীন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতে কেবল একটি শিশু উপস্থিত ছিল, যাকে বাইরে রেখে ঘরে ঢুকে তান্ত্রিক এই কুকীর্তি ঘটায়। প্রাথমিক লজ্জা কাটিয়ে উঠে ভুক্তভোগী মহিলা জামবনি থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শালপাতড়া এলাকা থেকে অভিযুক্ত শম্ভু মাহাতোকে গ্রেপ্তার করেছে। ঝাড়গ্রামের জেলা পুলিশ সুপার মানব সিংলা জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং জামবনি থানা পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার ধৃত তান্ত্রিককে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘৃণ্য ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *