অখিলেশকে নিয়ে বিজেপির হঠাৎ এই দরদ কেন?

বার্তা ডেস্কঃ

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই রাজ্য রাজনীতিতে জমজমাট নতুন সমীকরণ। চর্চার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবং সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো অখিলেশ যাদবের পুরনো ও গভীর সুসম্পর্ক। সম্প্রতি অখিলেশের প্রশংসায় ব্রিজভূষণের বক্তব্য রাজনৈতিক অলিন্দে বড়সড় শোরগোল ফেলে দিয়েছে।

কী বললেন ব্রিজভূষণ? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদবের সঙ্গে সম্পর্কের রসায়ন স্পষ্ট করেছেন এই প্রভাবশালী নেতা। তিনি বলেন, “অখিলেশ যাদবের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। ওঁরা যেমন আমাদের নিয়ে খারাপ কথা বলেন না, আমরাও তাঁর সমালোচনা করি না।” শুধু তাই নয়, সম্প্রতি কংগ্রেস-এসপি জোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, “অখিলেশ ছাড়া সব কিছুই শূন্য!” বিজেপি নেতার এই নরম সুর স্বভাবতই নতুন জল্পনার জন্ম দিয়েছে।

তবে কি দলবদলের ইঙ্গিত? ব্রিজভূষণের এমন মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনি এবার গেরুয়া শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন?

যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ব্রিজভূষণ স্পষ্ট করেছেন— তিনি বিজেপিতেই আছেন এবং অখিলেশ তাঁর নিজ দলেই রয়েছেন। তবে দল আলাদা হলেও তাঁদের ব্যক্তিগত সৌজন্য ও সুসম্পর্ক অটুট।

পুরনো সমীকরণ ও রাজনৈতিক প্রভাব উল্লেখ্য, রাজনীতিতে ব্রিজভূষণ ও সমাজবাদী পার্টির সম্পর্ক নতুন নয়। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে কাইজারগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন।

ভোটের বাদ্যি বাজার আগেই দুই হেভিওয়েট নেতার এই প্রকাশ্যে সৌহার্দ্য প্রদর্শন যে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণকে বেশ প্রভাবিত করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *