ছুরির আঘাতে রক্তাক্ত শরীর, তবুও হার মানেননি সেই হিরো পাইলট!
বার্তা ডেস্কঃ 
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানটি ৩৪ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় আচমকাই হট্টগোল শুরু হয় ককপিটে। অভিযোগ, ওমানের সহ-পাইলট হঠাৎই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর এবং তাকে রক্তাক্ত করে বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টা চালান। ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মাত্র ৩০ সেকেন্ডে বিমানটি প্রায় ১৪,৩০০ ফুট নিচে নেমে এসেছিল। তবে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থাতেও হার মানেননি ক্যাপ্টেন স্মিত। তিনি কোনোমতে ককপিটের লক খুলে দিলে ক্রু ও যাত্রীরা এসে হামলাকারীকে ধরে ফেলেন। পরবর্তীতে বিমানে থাকা দুজন অফ-ডিউটি পাইলটের তৎপরতায় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সৌদি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
বর্তমানে বীর পাইলট স্মিত মচ্ছর তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তারা স্মিতের পরিবারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ভারত ও ইজরায়েলের রাষ্ট্রনেতারা তার অসাধারণ সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তাকে প্রকৃত বীরের সম্মান দিয়েছেন।