পাঁচ বছর পর বিস্ফোরক দাবি, ২০২১-এ মমতার পা কি আদৌ ভেঙেছিল?
বার্তা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। পায়ে প্লাস্টার ও হুইলচেয়ারে বসে তাঁর ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগান রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ পাঁচ বছর পর সেই ঘটনার রেশ টেনে এক বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, সেদিন বিরুলিয়ায় মমতার পায়ে আদৌ কোনো ফ্র্যাকচার বা ভাঙন ধরা পড়েনি। সামান্য চোট লাগলেও পা ভাঙার নাম করে ব্যান্ডেজ লাগিয়ে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁর দাবি, এই ঘটনার সমস্ত চিকিৎসাগত প্রমাণ বা কাগজ তাঁর হাতে সুরক্ষিত রয়েছে। প্রয়োজনে যে কোনো চ্যালেঞ্জের মুখে সেই নথি প্রকাশ্যে আনার কথা বলেছেন তিনি। ভোটের আগে সহানুভূতি কুড়ানোর এই তত্ত্ব ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।