শালবনী জমি দুর্নীতি মামলা সরছে কলকাতায়! সিআইডির পদক্ষেপে ব্যাপক চাঞ্চল্য
বার্তা ডেস্কঃ
শালবনী জমি দুর্নীতি মামলা মেদিনীপুর আদালত থেকে কলকাতার এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানাল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। মামলার আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু এই চাঞ্চল্যকর মামলার মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তাই বিচারপ্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মামলাটি বিধাননগরের ময়ুখ ভবনে এমপি-এমএলএ আদালতে স্থানান্তর করা অত্যন্ত প্রয়োজন। এই বিশেষ আবেদনের ভিত্তিতে আগামী ১২ অক্টোবর আদালতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। গত ২ সেপ্টেম্বর এই মামলায় প্রথম চার্জশিট পেশ করা হয়েছে, যেখানে প্রাক্তন বিধায়কের নাম প্রধানত উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর এক তৃণমূল যুবনেতার করা অভিযোগের ভিত্তিতে এই শালবনী জমি কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসে। সুজয় হাজরাকে দীর্ঘ জেরা করার পরেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, সরকারি জমির অবৈধ চরিত্র বদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অমিত ঘোষ সহ আরও তিন মধ্যস্থতাকরীকে গ্রেপ্তার করেছে সিআইডি। বর্তমানে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই দুর্নীতির নেপথ্যে থাকা মূল চক্রীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।