নন্দীগ্রামে শুভেন্দুর সম্প্রীতির বার্তা, ভবানীপুর ছাড়ার আসল কারণ কী?
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেবীপুরে দলীয় প্রার্থী হাসিরানি রথের পক্ষে প্রচার চালিয়ে তিনি জানান, ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলার সময় এসেছে। সংখ্যালঘুদের মুখ ফিরিয়ে না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্ধুত্বের সুযোগ হাতছাড়া না করে সবাই মিলে বিজেপি প্রার্থীকে জয়ী করতে হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ‘জয় শ্রীরাম’ বা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান কারও উপর চাপিয়ে দেওয়া হবে না, এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম উভয় আসন থেকে জয়ী হওয়ার পর কেন তিনি নিজের ‘ভদ্রাসন’ নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর ধরে রেখেছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, ভবানীপুর আসনটি ছাড়লে সেখানে পরাজিত প্রার্থী সুযোগ পেয়ে যেতেন। উপনির্বাচনের রাজনৈতিক আবহে তাঁর এই মন্তব্য এবং সংখ্যালঘু ভোটারদের কাছে টানার কৌশল রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।