ভোটার তালিকা থেকে নাম বাদ? নাগরিকদের জন্য সতর্কবার্তা!
বার্তা ডেস্কঃ
২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR (স্পেশাল সামারি রিভিশন) প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেছে, বহু যোগ্য নাগরিকের নাম ভুলবশত বাদ পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও বাদ পড়া ভোটারদের সুবিধার্থে একাধিক বিশেষ নির্দেশিকা জারি করেছে কমিশন।
কমিশনের নতুন নির্দেশিকায় যা যা থাকছে:
- সহজেই নাম তোলার সুযোগ: এসআইআর শেষ হওয়া রাজ্যগুলিতে সাধারণ Form 6 ব্যবহার করেই ‘ধারাবাহিক সংশোধন প্রক্রিয়া’র (Continuous Update) মাধ্যমে পুনরায় ভোটার তালিকায় নাম তোলা যাবে।
- বাড়িতেই মিলবে পরিষেবা: ‘আনম্যাপড’ বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র নোটিস পাওয়া নাগরিকদের বারবার নির্বাচন আধিকারিকদের অফিসে দৌড়াতে হবে না। বুথ লেভেল অফিসাররা (BLO) দরজায় কড়া নেড়ে বাড়ি থেকেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং তা সরাসরি ECINET সিস্টেমে আপলোড করবেন।
- ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি: ডিজিটাল নথি আপলোডের পর ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) তা খতিয়ে দেখবেন। কেবল চরম ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে শুনানিতে ডাকা হবে।
আগে ও পরের তালিকা মিলিয়ে নজরদারি নির্বাচন আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, SIR-এর আগের ও পরের তালিকা তুলনা করে এমন ভোটারদের খুঁজে বার করতে হবে, যাঁদের বিনা কারণে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁদের নামে কোনো ডুপ্লিকেট ভোটার কার্ড নেই বা যাঁরা জীবিত, তাঁদের নাম যাতে কোনোভাবেই বাদ না পড়ে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তরুণ ভোটারদের ওপর জোর কমিশন জানিয়েছে, কেবল বাদ পড়া প্রবীণ নাগরিকরাই নন, ১৮ বছর ছুঁইছুঁই তরুণ ও প্রথমবার ভোটার হওয়া নাগরিকদেরও দ্রুত তালিকায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO)। এই কাজে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও (BLE) সাহায্য নেওয়া হচ্ছে।