অন্নপূর্ণার টাকা না পেয়ে ফুঁসছে বাংলা, উত্তাল সেবাসেতু শিবির!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারের তিন দিনব্যাপী জনকল্যাণমূলক মেগা উদ্যোগ ‘সেবা সেতু অভিযান’ শুরুতেই চরম বিশৃঙ্খলার মুখে পড়ল। কলকাতার ১৬টি বোরো থেকে শুরু করে রাজ্যের প্রতিটি ব্লকে অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা, জয় জোহারসহ প্রায় ২০টি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। তবে প্রথম দিনেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের কাজ না হওয়ার অভিযোগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্র ছড়িয়ে পড়ে ব্যাপক অসন্তোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরিষেবা না পেয়ে কোথাও সড়ক অবরোধ করা হয়, আবার কোথাও শিবিরের আসবাবপত্র ভাঙচুর করেন ক্ষুব্ধ গ্রাহকরা।

হাওড়া ও হুগলি: ক্ষোভের আগুনে উত্তপ্ত শিবির হাওড়ার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে সকাল থেকেই বহু মহিলা লাইন দিয়েছিলেন। কিন্তু অন্নপূর্ণা ও আয়ুষ্মান ভারত সংক্রান্ত কোনো পরিষেবা মিলবে না শুনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আগে থেকে প্রশাসন কেন জানায়নি, এই প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে ক্ষুব্ধ মহিলারা শিবিরের চেয়ার-টেবিল ভেঙে উল্টে দেন। একইভাবে হুগলির পোলবা-দাদপুর ব্লক অফিসে ব্যানার ছিঁড়ে ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ চালানো হয়।

উত্তর ২৪ পরগনা ও মেদিনীপুর: চাকা স্তব্ধ রাজ্য সড়কের বারাসাতের কর্মতীর্থে পরিষেবা আসাম্পূর্ণ থাকায় ক্ষুব্ধ মহিলারা সুদীর্ঘ সময় ধরে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ তুলে টাকি রোড অবরুদ্ধ করেন। অন্যদিকে চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়ক অবরোধের কারণে বহু বাস ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে দেখা দেয় তীব্র যানজট। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

বাঁকুড়া ও কোচবিহার: কোথাও রাজপথ অবরুদ্ধ, কোথাও গেটে তালা বাঁকুড়ার রানিবাঁধে বিডিও-র সঙ্গে দেখা করেও সমাধান না পাওয়ায় বাঁকুড়া-ঝিলিমিলি রাজ্য সড়কে বসে পড়েন বিক্ষোভকারীরা। আবার কোচবিহারে দীর্ঘ চার মাস ধরে প্রকল্পের টাকা না পাওয়া এবং স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে দাবি করে মহিলারা রবীন্দ্র ভবনের গেটে তালা ঝুলিয়ে শিবির বন্ধ করে দেওয়ার চেষ্টা চালান। পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রশাসন ও বিরোধীদের প্রতিক্রিয়া পরিস্থিতি সামাল দিতে বারাসাতের পুরপ্রশাসক রাজা ভৌমিক জানান, যোগ্য ব্যক্তিরা ধাপে ধাপে বকেয়া টাকা পেয়ে যাবেন। হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি আশ্বাস দিয়ে বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়া চলায় বিলম্ব হচ্ছে, তবে সব সুবিধাপ্রাপকই টাকা পাবেন। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়, এই শিবিরে অন্নপূর্ণা প্রকল্পের কোনো কাজ হওয়ার কথাই ছিল না। সরকারের বিভ্রান্তিকর প্রচারের কারণেই সাধারণ মানুষের মধ্যে এই বিপুল ক্ষোভের জন্ম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *