পুজোর আগেই বর্ধমানে বড় পদক্ষেপ, ফুটপাথ নিয়ে হকারদের জন্য কড়া নির্দেশ অগ্নিমিত্রার!

বার্তা ডেস্কঃ

পুজোর মুখে হকারদের জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বর্ধমানের বিসি রোড আচমকা পরিদর্শন করেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমানে এসেছিলেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে কার্জন গেট থেকে বিসি রোড পর্যন্ত রাস্তা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় রাস্তার বড় অংশ জুড়ে হকারদের পসরা সাজিয়ে বসতে দেখেন মন্ত্রী, যার ফলে সাধারণ মানুষের হাঁটাচলার জায়গা অবরুদ্ধ হয়ে পড়ে। অনেক বিক্রেতা হকার্স মার্কেটে দোকান থাকা সত্ত্বেও সেগুলি ভাড়া দিয়ে ফুটপাথে ব্যবসা করছেন বলে অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে পথচারীদের যাতায়াত সুগম করতে কঠোর বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি নির্দেশ দেন, হকাররা এখন থেকে ফুটপাথের মাত্র এক তৃতীয়াংশ জায়গা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, যাঁরা হকার্স মার্কেটের দোকান ভাড়া দিয়ে রাস্তায় ব্যবসা চালাচ্ছেন, তাঁদের অবিলম্বে সেই জবরদখল হটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও কড়া নিয়ম মানার কথা বলা হয়েছে। মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, এরপরেও যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন, তবে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *