ইন্ডিয়া জোটকে ‘ইন্ডিয়া ইয়া সার্কাস’ বলে কটাক্ষ দেবজিতের, কেন এমন মন্তব্য?

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের ‘ইন্ডি জোট’ একজোট হতেই তীব্র কটাক্ষ হানলেন বিজেপি নেতা তথা প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। জ্ঞানেশ কুমার ইস্যুতে সরগরম দেশীয় রাজনীতির আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিরোধী জোটকে একটি কাল্পনিক সার্কাসের সাথে তুলনা করেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, বন্যপশুদের খেলা বন্ধ হওয়ার পর সার্কাসে যেভাবে জোকারদের কদর বেড়েছে, ঠিক একইভাবে এই জোটেও একাধিক চরিত্র দর্শকদের মনোরঞ্জন করছে। ঐতিহ্যবাহী সার্কাসের দিন শেষ দাবি করে তিনি এটিকে ‘আইএনডি – ইয়া ইয়া সার্কাস’ বলে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে সারা ভারতের মানুষ এটি দেখে হাসার সুযোগ পাচ্ছে।

বিজেপি নেতার মতে, বিরোধীদের এই ঘনঘন অবস্থান বদল মূলত মানুষের দৃষ্টি আকর্ষণেরই একটি চেষ্টা, যা সার্কাসের রকমারি প্রদর্শনী ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি স্পষ্ট জানান যে রাজ্যবাসী আর অতীতে ফিরে যেতে চান না। তাঁর দাবি, বিগত ১৫ বছরের কালো দিন কিংবা তার আগের ৩৪ বছরের কষ্টের দিনগুলো পশ্চিমবঙ্গের মানুষ আর কোনোভাবেই ফেরত দেখতে আগ্রহী নন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী আবহে বিরোধীদের একতাবদ্ধ লড়াইকে হালকা করে দেখাতেই বিজেপি মুখপাত্রের এই চরম মন্তব্য, যা বর্তমান রাজ্য ও জাতীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *