পুজোয় মন্দারমণি যাচ্ছেন? বদলে গেল সমুদ্রের নিয়ম, বিচে জারি কড়া নিষেধাজ্ঞা!

বার্তা ডেস্কঃ

পরপর সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা এবং পর্যটকদের মৃত্যুর পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। সামনেই দুর্গাপুজোর মরশুম, তার আগেই মন্দারমণি সৈকতকে সুরক্ষিত রাখতে একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মন্দারমণি উপকূল থানা।

মোহনা অঞ্চলে ২ কিমি ‘রেড জোন’ মন্দারমণি সমুদ্র সৈকতের প্রায় ২ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ৩ নম্বর ঘাট সংলগ্ন ও মোহনা এলাকায় লাল ফিতে ও বাঁশের খুঁটি দিয়ে ঘেরা ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। পর্যটকরা যাতে কোনোভাবেই ওই সীমানা অতিক্রম করে উত্তাল সমুদ্রে না নামেন, তার জন্যই এই বিশেষ অ্যালার্ট।

পর্যটকদের জন্য লাগু হওয়া কড়া নিয়মাবলী:

  • হাঁটু জলের বেশি নামা নিষিদ্ধ: সমুদ্রের পরিস্থিতি বিবেচনা করে হাঁটু জলের গভীরে যাওয়া একপ্রকার বন্ধ করা হয়েছে।
  • মদ্যপানে কঠোর নিষেধাজ্ঞা: সৈকতে মদ্যপান করে ঘুরে বেড়ানো বা গোলমাল করা পুরোপুরি নিষিদ্ধ।
  • রাতের কার্ফু নির্দেশ: নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত ১০টার মধ্যেই সমস্ত হোটেল ও রিসর্টের মূল ফটক বন্ধ করার কড়া নির্দেশ জারি করা হয়েছে।
  • পরিচ্ছন্নতা ও মোহনা সতর্কতা: মোহনা অঞ্চলে সমুদ্রে নামা নিষিদ্ধ করার পাশাপাশি সৈকতে নোংরা ফেলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

উৎসবের মরশুমে আঁটসাঁট নিরাপত্তা উৎসবের দিনে মন্দারমণিতে পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে দিঘার মতো এখানেও পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। বিচ জুড়ে সতর্ক দৃষ্টি রাখবে উদ্ধারকারী দল ও অভিজ্ঞ নুলিয়ারা। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মন্দারমণি কোস্টাল থানাকে নতুন স্পিডবোটও তুলে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *