নন্দীগ্রাম কাণ্ড নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, অস্বস্তিতে তৃণমূল!
বার্তা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রচারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার দাবি ঘিরে তৈরি হওয়া পুরোনো বিতর্ক এবার এক্কেবারে নতুন মোড় নিল। পা ভাঙার সেই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও সাজানো’ বলে তোপ দাগার পাশাপাশি, এই ঘটনার সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নবান্নে আয়োজিত একটি প্রেস বিবৃতিতে এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২১ সালের ১১ মার্চ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল রিপোর্ট তৈরি হয়েছিল, তাতে স্পষ্ট উল্লেখ ছিল—’নো এভিডেন্স অফ ফ্র্যাকচার’ (No Fracture)। তাঁর অভিযোগ, গাড়ির দরজা ধাক্কা লাগার ফলে পায়ে সামান্য চোট লাগলেও রাজনৈতিক ফায়দা তুলতে সেটিকে ‘পা ভাঙা’ বলে বড় করে দেখানো হয়েছিল এবং সহানুভূতি কুড়ানোর চেষ্টা হয়েছিল।
সাংবাদিক বৈঠকে হাসপাতালের সেই আসল মেডিকেল রিপোর্ট ও প্রাসঙ্গিক নথিপত্র তুলে ধরে তিনি জানান, নির্বাচনী সমস্ত প্রক্রিয়া ও আচরণবিধি পুরোপুরি শেষ হওয়ার পর এই ঘটনার গভীরে যেতে নতুন করে তদন্ত শুরু হবে এবং সমস্ত সত্য দলিল প্রকাশ্যে আনা হবে। পাঁচ বছর আগের এই পুরনো পা-জখম বিতর্ককে কেন্দ্র করে ফের একবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার শোরগোল।