ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা, স্বাধীনতার পর এমনটা হয়নি!

বার্তা ডেস্কঃ

প্রতিশ্রুতি মতো রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এল বড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য সরকার। এর ফলে ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীরা এতদিন ১৮ শতাংশ হারে ডিএ পেলেও, পয়লা অক্টোবর থেকে মোট ৩৮% হারে ডিএ পেতে চলেছেন। একলাফে এত পরিমাণ ডিএ বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া রাজ্যজুড়ে। সম্প্রতি নন্দীগ্রামের এক জনসভা থেকে এই প্রসঙ্গেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ায় এক প্রচার সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি স্পষ্ট ভাষায় জানান, “২০% ডিএ এককালীন দিয়েছে স্বাধীনতার পর কোনো সরকারের নাম কেউ বলতে পারবে না।”

কারা পাবেন এই বর্ধিত ডিএ? রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ—সকলেই পাবেন এই বর্ধিত ডিএ-র সুবিধা। বাজেটে এই ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক কমে দাঁড়িয়েছে ২২ শতাংশে। ভবিষ্যতে এই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন।

পুজোর আগেই হাতে টাকা অর্থ দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ১৫ তারিখেই অক্টোবরের বেতন, মজুরি, স্টাইপেন্ড এবং সাম্মানিকের সঙ্গে এই বর্ধিত ডিএ যুক্ত হয়ে অ্যাকাউন্টে ঢুকবে। দুর্গাপুজোর কথা মাথায় রেখেই রাজ্য সরকারি কর্মীদের এই অগ্রিম বেতন ও ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পুজোর আগেই সরকারি কর্মীদের পকেট যে বেশ ভালোই ফুলে-ফেঁপে উঠবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *