মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি! নন্দীগ্রামের চায়ের দোকানে শুভেন্দুর চমক
বার্তা ডেস্কঃ
রাজনীতির বিপুল ব্যস্ততার মাঝেও পাঁচ বছর আগের দেওয়া এক ছোট্ট প্রতিশ্রুতি ভুললেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২১ সালের নির্বাচনের সময় নন্দীগ্রাম থানা মোড়ের পরিচিত চা-বিক্রেতা সুজল মাইতি ওরফে ‘খড়াদা’র দোকানে দাঁড়িয়ে একটি কথা দিয়েছিলেন তিনি—“মুখ্যমন্ত্রী হয়ে ফের তোমার দোকানে এসে চা খাব।” গত রবিবার সেই কথা রেখেই সোজা খড়াদার দোকানে পৌঁছে গেলেন শুভেন্দু।
নন্দীগ্রাম থানা মোড়ের এই চায়ের দোকানটির ইতিহাস প্রায় ২৩ বছরের পুরোনো। নন্দীগ্রাম আন্দোলনের উত্তাল দিনগুলো থেকে শুরু করে বিভিন্ন সময়ে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, গোপালকৃষ্ণ গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে চা খেয়ে গেছেন। তবে খড়াদার কাছে রবিবারের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। দোকানে বসে নিশ্চিন্তে এক কাপ চা শেষ করে শুভেন্দু যখন দোকানদারের দিকে তাকিয়ে বললেন, “কথা রাখলাম ভাই”—কয়েক মুহূর্তের জন্য যেন থমকে যান দোকানদার।
রাজ্যের সর্বোচ্চ পদে পৌঁছেও পাঁচ বছর আগের কথা এভাবে মনে রেখে ফিরে আসাটা খড়াদার কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের। প্রিয় মানুষটির দেওয়া কথা পূরণ হওয়ার এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক অনন্য সিদ্ধান্ত নেন তিনি। রবিবার সারাদিন দোকানে আসা সমস্ত ক্রেতাকে বিনামূল্যে চা খাইয়ে নিজের আনন্দ ভাগ করে নেন খড়াদা।