অরিজিতের কনসার্ট ঘিরে বড় ধামাকা, বাদ পড়ল কলকাতা?

বার্তা ডেস্কঃ

প্লেব্যাক গায়কী থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরই ভক্তদের জন্য বিরাট বড় চমক নিয়ে এলেন অরিজিৎ সিং। সঙ্গীত জগতে তাঁর ২০ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে আগামী ২০২৭ সালের শুরুতেই এক সুবিশাল ভারত সফরে বেরোচ্ছেন এই তারকা গায়ক। মে মাস পর্যন্ত চলা এই মেগা ট্যুরে দেশের ৯টি প্রধান শহরে সুরের জাদু ছড়াবেন তিনি। তবে তিলোত্তমার অনুরাগীদের জন্য একটু মন খারাপের খবর—এই সফরের শহরগুলির তালিকায় আপাতত স্থান পায়নি কলকাতা।

সংগীত জীবন থেকে সাময়িক বিরতি ও নতুন করে প্লেব্যাক না করার সিদ্ধান্তের পর এটিই হতে চলেছে অরিজিতের প্রথম বড় আকারের লাইভ ট্যুর। আমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুণে, ইন্দোর এবং হায়দরাবাদে আয়োজন করা হয়েছে এই লাইভ কনসার্টগুলি। দীর্ঘ দুই দশকের সুরের এই পথচলায় ভক্তদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মেনে নিয়েছেন অরিজিৎ। তিনি জানান, শ্রোতারাই তাঁর গানকে এক নতুন প্রাণ দিয়েছেন এবং তাঁদের সামনে আবার সরাসরি পারফর্ম করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

দর্শকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে এই ট্যুরে থাকছে বিশেষ প্রযুক্তিগত আয়োজন। ৩৬০ ডিগ্রি অডিয়ো সিস্টেম, কাইনেটিক এলইডি, প্যানোরামিক স্ক্রিন, লেজার এবং স্টেডিয়াম-স্তরের পাইরোটেকনিক্সের সমন্বয়ে মঞ্চ সাজানো হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, আন্তর্জাতিক মানের এক অনন্য লাইভ পারফর্ম্যান্স দর্শকদের উপহার দেওয়া।

এর আগে ২০২৩ সালে ‘ওয়ান নাইট অনলি—ইন্ডিয়া ট্যুর’-এর মাধ্যমে কলকাতার মঞ্চ কাঁপিয়েছিলেন অরিজিৎ। তবে এবার তিলোত্তমা বাদ পড়ায় হতাশ বাংলা ভাষার অনুগামীরা। যদিও অরিজিৎ স্পষ্ট করে জানিয়েছেন, পুরনো চুক্তির কিছু গান এখনও ছবিতে আসবে, তবে নতুন করে তিনি আর কোনো প্লেব্যাকের দায়িত্ব নিচ্ছেন না। এখন কেবল সরাসরি মঞ্চেই নিজের সুরের মেজাজে ফিরতে প্রস্তুত এই গায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *