কলকাতা থেকে সরাসরি লন্ডন! বাংলায় নতুন ৪ বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা নবান্নের

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ করল রাজ্য ও কেন্দ্র। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিমানমন্ত্রী কিনজারাপ্পু রামমোহন নায়ডুর উপস্থিতিতে কেন্দ্রীয় বিমান মন্ত্রক ও রাজ্য পরিবহন দপ্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

৪ প্রান্তের ৪ নতুন বিমানবন্দর

পরবর্তী দুই বছরের মধ্যে রাজ্যের চারটি প্রান্ত থেকে পুরোদমে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কোথায় কী হচ্ছে?

  • পুরুলিয়ার ছড়রা: এখানে শূন্য থেকে একদম নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে।
  • বালুরঘাট: বর্তমানে ছোট বিমান ওঠানামা করলেও, পরিকাঠামো বাড়িয়ে এটিকে পুরোদস্তুর বিমানবন্দরে রূপ দেওয়া হবে।
  • হাসিমারা ও কলাইকুন্ডা: এই দুটি স্থানে বায়ুসেনার যে রানওয়ে রয়েছে, সেখানে সহজেই বোয়িং এবং এয়ারবাসের মতো বড় বিমান চলাচল করতে পারবে। নতুন টার্মিনাল বিল্ডিং ও পরিকাঠামো গড়ার জন্য রাজ্য সরকার হাসিমারায় ২৫ একর এবং কলাইকুন্ডায় ৩৭ একর জমি হস্তান্তর করেছে।

কলকাতা থেকে সোজা লন্ডন ও ইউরোপ!

কলকাতা বিমানবন্দর থেকে একসময় লন্ডনের সরাসরি উড়ান থাকলেও পরবর্তীকালে বিজনেসবোর্ডের অভাবে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে কলকাতা থেকে ইউরোপের কোনও সরাসরি ফ্লাইট নেই।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিমানমন্ত্রীর হাতে একটি আবেদনপত্র তুলে দিয়ে কলকাতা থেকে লন্ডনসহ ইউরোপের অন্যান্য বড় শহরগুলিতে সরাসরি আন্তর্জাতিক উড়ান চালুর অনুরোধ জানান। কেন্দ্রীয় বিমানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “মুখ্যমন্ত্রীর এই আবেদন মেনে আমি বিভিন্ন এয়ারলাইনস সংস্থাগুলির সঙ্গে কথা বলব।”

কল্যাণীতেই তৈরি হচ্ছে কলকাতার দ্বিতীয় বিমানবন্দর!

কলকাতা বিমানবন্দরে যাত্রীচাপ ক্রমাগত বাড়ছে। তাই আগামী দিনের চাহিদার কথা ভেবে শহরের ৫০ কিলোমিটারের মধ্যে একটি বিকল্প বিমানবন্দরের প্রয়োজন।

মুখ্যমন্ত্রী জানান, আগের সরকার জমি দিতে না চাইলেও, বর্তমান সরকার কল্যাণীতে জমি চিহ্নিত করেছে। বর্তমানে সেই জমি হস্তান্তর প্রক্রিয়ার পাশাপাশি মাটি পরীক্ষার কাজ দ্রুত গতিতে চলছে। খুব শিগগিরই সেই জমি প্রস্তুত হয়ে যাবে।

সাধারণ মানুষের জন্য ‘উড়ান ২.০’

পশ্চিমবঙ্গ এবার যুক্ত হলো ‘উড়ান’ (উড়ে দেশ কা আম নাগরিক) ২.০ প্রকল্পে। এর ফলে বালুরঘাট ও হাসিমারার মতো রাজ্যের ছোট ছোট বিমানবন্দরগুলি থেকে উড়ান চালালে বিমান সংস্থাগুলিকে ভর্তুকি দেবে কেন্দ্র। আশা করা হচ্ছে, এই সুবিধার ফলে আগামী দিনে রাজ্যের আঞ্চলিক আকাশপথে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই ভাড়াও থাকবে সাধারণের সাধ্যের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *