হরিণঘাটায় ৬০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ রিলায়েন্সের, পুজো মিটলেই শুরু ক্যাম্পা কোলার কাজ!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে শিল্প ও অর্থনৈতিক বিকাশে এক বড় পদক্ষেপ নিয়ে রাজ্যজুড়ে বিপুল বিনোয়েগের সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। মুকেশ আম্বানির এই সংস্থা নদিয়ার হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ফুড পার্ক গড়ে তুলতে চলেছে। রাজ্যে রিলায়েন্সের এই প্রথম কনজিউমার প্রোডাক্টস সংক্রান্ত বড় মেগা প্রজেক্টে মূলত জনপ্রিয় পানীয় ‘ক্যাম্পা কোলা’ তৈরি করা হবে। নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৮ অক্টোবর এই প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপুজো অনুষ্ঠিত হবে। দুর্গাপুজোর ছুটি কাটলেই পুরোদমে শুরু হয়ে যাবে কারখানার নির্মাণকাজ।
এর পাশাপাশি রাজ্যের শিল্পক্ষেত্রে জোর দিতে একগুচ্ছ নতুন কর্মসংস্থান ও নীতিগত উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। পুজোর আগেই ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬,০০০ কোটি টাকার মেগা সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন হতে চলেছে, যা দেশের পেট্রোকেমিক্যাল শিল্পে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করবে। একইসঙ্গে রাজ্য মন্ত্রিসভা দুর্গাপুজো শেষ হওয়ার পর আগামী ২৭ অক্টোবর নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে। হরিণঘাটায় ফুড পার্ক ও হলদিয়ায় পেট্রোকেমিক্যালস কারখানা স্থাপনের ফলে রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।