ভোটলুট হলে রসগোল্লার হাঁড়ি পাঠাব না, পুলিশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন হুমায়ুন কবীর!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রামের পাশাপাশি আজ সকাল থেকেই শুরু হয়েছে রেজিনগর কেন্দ্রের ভোটগ্রহণ। কিন্তু ভোট শুরু হতেই রাজনৈতিক উত্তেজনায় সরগরম হয়ে উঠেছে এলাকা। সকাল সকাল সপরিবারে নিজের বুথে ভোট দিয়ে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ তোলেন আজুপ নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ এবং বিভিন্ন বুথে দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি জানান, রেজিনগরের একাধিক বুথে অবাধে ভোট লুটের চেষ্টা চলছে এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিধায়ক সরাসরি প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শানান। কেন্দ্রীয় বাহিনী বাইরে থাকলেও বুথের ভেতরে সমস্যার সৃষ্টি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। সাধারণ মানুষকে প্রয়োজনে মুগুর নিয়ে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে তিনি হুঙ্কার দেন, প্রয়োজনে পুলিশের সঙ্গেও যুদ্ধে যাবেন। রেজিনগরের ওসিকে উদ্দেশ্য করে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ভোটলুট হলে পুলিশকে রসগোল্লার হাঁড়ি পাঠানো হবে না, বরং পুলিশ তাঁকে গ্রেপ্তার করুক। এদিকে নন্দীগ্রামেও ভোটগ্রহণ চলছে, আর এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা কমিশনের কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *