একক সিদ্ধান্তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, বড় বিপদে নির্বাচন কমিশন!
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং সংশোধিত ফর্ম ৬ কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর কঠোর নজরদারি শুরু করল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তিন সদস্যের নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্ত আইনসঙ্গত হতে পারে না; কমিশনের যেকোনো সিদ্ধান্ত বাধ্যতামূলকভাবে সর্বসম্মত বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হওয়া প্রয়োজন। অন্য দুই কমিশনারের আপত্তি সত্ত্বেও এককভাবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে জ্ঞানেশ কুমারকে সরানোর আবেদন এখনই মঞ্জুর না করা হলেও, আদালত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে সম্মত হয়েছে।
শীর্ষ আদালত শুধুমাত্র সংবাদপত্রের রিপোর্টের ওপর ভিত্তি করে অন্তর্বর্তী আদেশ দেওয়া এড়িয়ে গেছে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে নির্বাচন কমিশন, কেন্দ্র ও কমিশনারদের নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে স্পষ্ট জবাব তলব করেছে। বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ করেছেন, নির্ধারিত আইনি প্রক্রিয়া না মেনে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকারিতা আদালত বাতিল বা স্থগিত করার এখতিয়ার রাখে। বিহারের মামলার রায়ের পর সংশোধিত ফর্ম ৬ সুপ্রিম কোর্ট অনুমোদিত—কমিশনের এই দাবি খারিজ করে আদালত জানতে চেয়েছে ঠিক কে এই পরিবর্তন এনেছেন। পরবর্তী শুনানিতে জমা পড়া নথির ভিত্তিতেই নির্ধারিত হবে কমিশনের বর্তমান সিদ্ধান্তের বৈধতা।