কলেজে উঠলেই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা! কীভাবে মিলবে ভগিনী নিবেদিতা স্কিমের সুবিধা?
বার্তা ডেস্কঃ
উচ্চশিক্ষায় মেয়েদের ড্রপ আউট রুখতে এবং আর্থিক সাহায্য প্রদান করতে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর বড় ঘোষণা করল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানা গেছে, সরকারি ও সরকারপোষিত কলেজের স্নাতক স্তরের অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রকল্পের রূপরেখা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা সরাসরি প্রদান করা হবে। নতুন এই উদ্যোগের প্রথম বছরের অর্থ আগামী জানুয়ারি মাস থেকেই দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রধান শর্ত হলো ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সরকারি বা সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পাঠরত হতে হবে। তবে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, পারিবারিক আয়ের সীমা বা বয়সসীমার মতো বিস্তারিত যোগ্যতার শর্তাবলী সংক্রান্ত পূর্ণাঙ্গ সরকারি নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। বিভ্রান্তি এড়াতে আগ্রহীদের অফিশিয়াল বিজ্ঞপ্তির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জানুয়ারিতে সুবিধা চালু হওয়ার কথা থাকলেও আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ ও সংক্রান্ত নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে।