৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলেই বাজেয়াপ্ত হবে সম্পত্তি!
বার্তা ডেস্কঃ
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে তাঁর বেতন অবিলম্বে বন্ধ করারও নির্দেশ দিয়েছে আদালত। পলাতক অভিযুক্ত কীভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং আইনি লড়াই চালাচ্ছেন, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ।
গত বছর নিউটাউনের যাত্রাগাছির খালপাড় থেকে স্বপন কামিল্যা নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় প্রশান্ত বর্মণের। মামলার তদন্তে পুলিশের ঢিলেমি ও গাফিলতিতে ক্ষুব্ধ আদালত সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় নিম্ন আদালত থেকে অভিযুক্তের আগাম জামিন পাওয়ার পর থেকেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রশাসন কেন এখনও তাঁকে ধরতে ব্যর্থ, সেই প্রশ্ন তুলেই এই কঠোর সিদ্ধান্ত আদালতের।