আয়কর তল্লাশির গুঞ্জন! মুখ খুললেন রাকুল প্রীত সিং
বার্তা ডেস্কঃ
মুম্বইয়ে সাম্প্রতিক আয়কর তল্লাশির সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রকাশিত খবর সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ইনস্টাগ্রামে একটি কড়া বিবৃতি প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই তল্লাশির সঙ্গে তাঁর বিন্দুমাত্র কোনো যোগ নেই। সেনাপরিবার থেকে উঠে আসা এবং কোনো গডফাদার ছাড়াই নিজ পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া রাকুল সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্যতা যাচাই না করেই এই ধরনের মনগড়া খবর প্রচার করা অত্যন্ত দুঃখজনক।
নিজেকে একজন দায়িত্বশীল ও সৎ নাগরিক দাবি করে রাকুল জানান যে তিনি ২০ বছর বয়স থেকে নিয়মিত কর দিয়ে আসছেন। ব্যক্তিগতভাবে বা কোনো প্রোডাকশন হাউসের মাধ্যমে কোনো ধরনের অবৈধ বিদেশি লেনদেন কিংবা দেশে-বিদেশে কোনো বেনামি সম্পত্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। নীতিগতভাবে তিনি কখনো দামি উপহার নেন না বলেও উল্লেখ করেন। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এই খবরগুলো দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রকাশের আগে সংবাদমাধ্যমকে আরও সতর্ক হওয়ার জোরালো অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।