মালদায় ট্রেন বাতিল, যাত্রীদের জন্য জেনে নিন বিকল্প পথ!
বার্তা ডেস্কঃ
মালদা ডিভিশনে গঙ্গার ভাঙন রোধে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ চালাচ্ছে ভারতীয় রেল। এই পরিস্থিতিতে আপ লাইনে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো হলেও সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক লোকাল, প্যাসেঞ্জার ও মেমু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মালদা টাউন-সাহেবগঞ্জ, আজিমগঞ্জ-সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর, হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি ও রামপুরহাট-সাহেবগঞ্জসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পরিস্থিতি সামাল দিতে সাহেবগঞ্জ-ভাগলপুর রুটে বিশেষ প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ।
দূরপাল্লার যাতায়াতে যাতে বড় ধাক্কা না লাগে, তার জন্য ব্রহ্মপুত্র মেল, ফারাক্কা এক্সপ্রেস, গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং পাটনা-মালদা টাউন এক্সপ্রেসকে জামালপুর-মুঙ্গের-কাটিহার রুটে ঘোরানো হয়েছে। এ ছাড়া ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং জামালপুর-হাওড়া এক্সপ্রেস ভাগলপুর-দুমকা-রামপুরহাট হয়ে এবং গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল পথে চলাচল করবে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ জোরকদমে চলছে। তবে সম্পূর্ণ পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। যাত্রীদের সাময়িক এই ভোগান্তি এড়িয়ে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।