বোর্ড গঠনের দিনে বীরভূমে ধুন্ধুমার, বিরোধীরা কি পৌঁছাতেই পারলেন না পঞ্চায়েতে?
বার্তা ডেস্কঃ
বীরভূমের রামপুরহাট-২ ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ায়। অনাস্থা প্রস্তাবের পর আজ নতুন প্রধান নির্বাচনের দিন ধার্য ছিল। তবে সকাল থেকেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি করে। বিজেপির অভিযোগ, বোমাবাজির কারণে আতঙ্কে তাঁদের মহিলা সদস্যসহ মোট নয়জন পঞ্চায়েত সদস্য কার্যালয়ে পৌঁছাতে পারেননি। এই পরিস্থিতির মাঝেই শাসকদলের ১৫ জন সদস্যের উপস্থিতিতে প্রক্রিয়া চালনার অভিযোগ উঠেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে সমগ্র এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পঞ্চায়েত অফিসের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এই নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। চরম উত্তেজনার আবহ পুলিশি পাহারায় শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় কি না, এখন সেদিকেই নজর সকলের।