ভোটের সকালে তুমুল নাটক, পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার হুমায়ুন কবীর!
বার্তা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনে পুলিশের সঙ্গে বচসা ও ভোটারদের উসকে দেওয়ার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ চলাকালীন পুলিশকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেন তিনি। রেজিনগরবাসীকে ‘মুগুর নিয়ে রুখে’ দাঁড়ানোর হুশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশকর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষা প্রয়োগের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দলীয় কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর তাঁকে প্রথমে থানায় আটক ও পরে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারি এবং বুথে নির্বাচনী এজেন্ট বসতে না দেওয়া প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন ঋত তৃণমূলের প্রার্থী শফিউজ্জামান শেখ। তাঁর বিস্ফোরক মন্তব্য, বিধানসভা নির্বাচনে হুমায়ুনের মূল উদ্দেশ্য ছিল তৃণমূলকে হারানো, যে কারণে সেসময় তাঁকে সাহায্য করেছিল বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বর্তমান উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধেই লড়াই করায় তাঁর এই পরিণতি হয়েছে। পাশাপাশি, বহু বুথ থেকে তাঁর দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে শুধুমাত্র বিজেপির এজেন্টরাই সেখানে উপস্থিত রয়েছে বলে দাবি করেন তিনি।