দুবাই থেকে ফিরতেই গ্রেপ্তার ‘ভুয়ো’ ডাক্তার, ফাঁস প্রভাবশালী নেতাদের নাম!

বার্তা ডেস্কঃ

কলকাতা: বিদেশে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। দুবাই থেকে দেশে ফিরতেই দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হলেন ‘ভুয়ো’ চিকিৎসক শেখ সৈদুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, বিহার ও পশ্চিমবঙ্গ—দুই রাজ্যেরই ভুয়ো ডাক্তারি লাইসেন্স ব্যবহার করে দিনের পর দিন ‘মেডি কেয়ার’ নার্সিংহোমে চিকিৎসা চালাচ্ছিলেন তিনি। মঙ্গলবার রাতে তাঁকে কড়া পুলিশি নিরাপত্তায় বিমানে করে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে।

পুলিশ ও তদন্তকারী সূত্রে খবর, বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচারের ঘটনার সঙ্গে সৈদুলের নাম সরাসরি জড়িয়ে পড়ে। অভিযোগ সামনে আসতেই তিনি চম্পট দিয়ে দুবাই পালিয়ে যান। এর পরই তাঁর বিরুদ্ধে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং বিমানবন্দরগুলিতে জারি করা হয় ‘লুকআউট নোটিশ’। মঙ্গলবার দুবাই থেকে দিল্লি বিমানবন্দরে নামামাত্রই ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা তাঁকে আটক করেন এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার বিমানে অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বর্ধমান থানার পুলিশ। রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে সরাসরি বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়।

তদন্তে নেমে এই জালিয়াত চক্রের সঙ্গে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের যোগসাজশ খুঁজে পেয়েছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত সৈদুল যে ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট ব্যবহার করছিলেন, তা পাইয়ে দেওয়ার পেছনে একাধিক প্রভাবশালী নেতার হাত রয়েছে। ঘটনার মূল শেকড়ে পৌঁছাতে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা স্পষ্ট করতে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *