কৃষ্ণসাগরে ভয়াবহ ড্রোন হামলা, জ্বলন্ত ট্যাঙ্কার থেকে জীবিত উদ্ধার ২৩ ভারতীয়!
বার্তা ডেস্কঃ
সোচি (রাশিয়া): কৃষ্ণসাগরে রাশিয়ার দক্ষিণ উপকূলের কাছে ইউক্রেনীয় নৌ-ড্রোনের (Naval Drone) হামলায় একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই হামলার পর মুহূর্তের মধ্যেই জাহাজটিতে দাউদাউ করে আগুন ধরে যায় এবং রাশিয়ার সোচি শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাশিয়ার পরিবহন মন্ত্রক জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুরুতে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করতেই পারেননি। তবে পরম স্বস্তির বিষয়, জাহাজটিতে থাকা ২৩ জন ক্রু সদস্যের সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রক নিশ্চিত করেছে যে, উদ্ধারপ্রাপ্ত এই ২৩ জন নাবিকই ভারতীয় নাগরিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, সমুদ্রের কাছে প্রকাণ্ড আগুনের শিখা জ্বলছে এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। নিরাপত্তার স্বার্থে প্রশাসন উপকূলীয় ও সৈকত এলাকায় জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে।
সিরিয়াস ফেডারেল টেরিটরির প্রধান দিমিত্রি প্লিশকিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিরিয়াসের সমস্ত সমুদ্রসৈকত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জল ও বায়ুমণ্ডলের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে কি না, তা খতিয়ে দেখতে রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সার্ভিসের সঙ্গে যৌথভাবে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গৃহবন্দী থাকতে এবং বাড়ির জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে কৃষ্ণসাগর অঞ্চলে জ্বালানি পরিকাঠামো ও বাণিজ্যিক জাহাজগুলির ওপর আক্রমণের তীব্রতা উভয় পক্ষ থেকেই বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনীয় শস্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল রাশিয়া। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে মস্কোর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতেই তারা রাশিয়ার তেল পরিকাঠামোকে নিশানা বানাচ্ছে।