আকাশেই মৃতপ্রায় পাইলটকে বাঁচিয়ে অবিশ্বাস্য বীরত্ব দেখালেন চিকিৎসক!

বার্তা ডেস্কঃ

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনার রেশ এখনও কাটেনি। গত সপ্তাহে বিমানের ভেতরেই অতর্কিত হামলার শিকার হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। মাথা ও বাঁ হাতে গভীর ক্ষত নিয়ে প্রচুর রক্তপাত হতে থাকায় তাঁর জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো আবির্ভূত হন বিমানে থাকা ৪৭ বছর বয়সি দন্তচিকিৎসক শোটা মুসায়েভ। নিজের টি-শার্ট ও বরফ দিয়ে ক্ষতস্থান চেপে ধরে টানা ৪৫ মিনিট ধরে রক্তপাত বন্ধের অসাধ্য সাধন করেন তিনি।

ওই চিকিৎসকের সাহসিকতা এবং সময়োচিত পদক্ষেপে শেষ পর্যন্ত রক্ষা পায় পাইলটের প্রাণ। মুসায়েভ জানিয়েছেন, সংকটাপন্ন মুহূর্তে তিনি বারবার স্মিতকে সজাগ রাখতে কথা বলে গেছেন এবং তাঁর নাড়ির গতি ঠিক রাখতে নানা উপায় অবলম্বন করেছেন। এদিকে এই ঘটনার পর দুবাইয়ের যুবরাজ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মকতুম হাসপাতালে গিয়ে আহত পাইলটের সঙ্গে দেখা করেছেন। সাহসিকতার এই নজিরবিহীন ঘটনা এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *