মোদীর ২৫ বছরের প্রশাসনিক সাফল্য, এ কি সত্যিই বিষ্ণুর অবতার!

বার্তা ডেস্কঃ

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী—টানা ২৫ বছর সফলভাবে প্রশাসনিক শীর্ষ পদে দায়িত্ব পালন সম্পন্ন করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ এই সিকি শতাব্দীর সফর উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সব শুভেচ্ছার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তাঁকে ‘বিষ্ণুর অবতার’ এবং নিজের ‘বড় ভাই’ বলে অভিহিত করেছেন তিনি।

এক বিশেষ বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ২০১৯ সালের ২৭ জুলাই দিল্লির একটি সভার কথা স্মরণ করেন। সেই সময়ে তিনি ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী তাঁকে নিজের অনুজের মতো আন্তরিকতা ও স্নেহ প্রদান করেছিলেন।

মোদীর নেতৃত্ব প্রদানের ক্ষমতা ব্যাখ্যা করতে গিয়ে ভুটানের নিজস্ব সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যের কথা তুলে ধরেন তোবগে। তিনি জানান, প্রকৃত নেতৃত্বের মূল ভিত্তি হলো তিনটি গুণ—জ্ঞান বা প্রজ্ঞা, করুণা এবং সাহস। নরেন্দ্র মোদীর মধ্যে এই তিনটি গুণের উজ্জ্বল উপস্থিতিই ভারতের জনসেবাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

পাশাপাশি ভারত ও ভুটানের ঐতিহ্যবাহী কূটনৈতিক ও আত্মিক সম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেন শেরিং তোবগে। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মোদী তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য ভুটানকে বেছে নিয়েছিলেন। মোদীর মেয়াদে দিল্লি ও থিম্পুর মধ্যকার মিত্রতা আরও দৃঢ় হয়েছে। দুই দেশের গভীর বন্ধনকে তোবগে সংক্ষেপে ‘B4B’ (Bharat for Bhutan; Bhutan for Bharat) হিসেবে বর্ণনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *