দশ বছরে চারশোর বেশি কম্পন, মহা বিপর্যয়ের মুখে দার্জিলিং!

বার্তা ডেস্কঃ

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ‘জোন সিক্স’-এ অবস্থান এবং গত ১০ বছরে ৪২০টিরও বেশি ভূমিকম্পের ফলে দার্জিলিং পাহাড়ে এক মহাবিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছেন ভূ-বিজ্ঞানীরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও ভূ-গবেষকদের তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ৪৩ বার এবং প্রতি ৪০ থেকে ৪৫ বছর অন্তর অত্যন্ত বিধ্বংসী কম্পনের মুখোমুখি হচ্ছে এই অঞ্চল। ইউরেশিয়ান প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংঘাতের পাশাপাশি ভঙ্গুর ডালিং সিরিজের পাথরে তৈরি এই পর্বতে মাটির নিচে তীব্র শক্তি সঞ্চারিত হচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে রিখটার স্কেলে ৮ থেকে ১০ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, যা ২০১৫ সালের নেপালের ভয়াবহ বিপর্যয়কেও ছাপিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির স্বাভাবিক অস্থিতিশীলতার সঙ্গে ‘গোদের উপর বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের নামে পাহাড় জুড়ে অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিক নির্মাণকাজ। ভূমিকম্প নিরোধক সিসমিক কোড না মেনে তৈরি বহুতল, তিস্তায় বাঁধ নির্মাণ, রাস্তা চওড়া করতে পাহাড় কাটা এবং নদীমুখ আটকে দেওয়ার মতো কর্মকাণ্ড পাহাড়ের অভ্যন্তরীণ স্থায়িত্ব দ্রুত কমিয়ে দিচ্ছে। এই আশঙ্কাজনক পরিস্থিতির হাত থেকে শৈল শহরকে রক্ষা করতে অবিলম্বে পরিকল্পিত সবুজায়ন, অনিয়ন্ত্রিত নির্মাণ বন্ধ এবং জাপানের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের ‘হটস্পট’ এলাকা চিহ্নিত করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *