আদালতে ভেঙে পড়লেন রাজপাল যাদব, ঋণের জালে জড়িয়ে নিলেন কঠিন সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
চেক বাউন্স সংক্রান্ত পুরনো মামলায় ১.১৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফট হাতে নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব। শুনানির সময় নিজের অর্থনৈতিক দুর্দশার কথা তুলে ধরে আবেগপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বিচারপতির কাছে আক্ষেপ করে জানান, দীর্ঘ বছর ধরে দর্শককে বিনোদন দিলেও আজ তিনি নিজেই এক নাটকে পরিণত হয়েছেন। ‘আতা পাতা লপাতা’ চলচ্চিত্রে ১৭ কোটি টাকার বিরাট ক্ষতির মুখোমুখি হওয়া এবং বিগত ১৩ বছর ধরে প্রতিপক্ষের কারণে নতুন কাজ না পাওয়ার ফলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। আদালতের কাছে দেনার বাকি ৮৫ লক্ষ টাকা শোধ করার জন্য তিনি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত সময় প্রার্থনা করেন।
অভিযোগকারী পক্ষ যেন প্রাপ্য অর্থের কিছুটা অন্তত ফেরত পান, সেই দিকটি বিবেচনা করে সুপ্রিম কোর্ট তাকে চূড়ান্ত সুযোগ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপালের আবেদন মঞ্জুর করে তাঁকে বকেয়া অর্থ পরিশোধের জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। উল্লেখ্য, মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা চেক বাউন্স মামলায় এর আগে দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। তবে শীর্ষ আদালতের এই সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে আপাতত সাময়িক স্বস্তি পেলেন এই বর্ষীয়ান অভিনেতা।