পুজোর আগে বড় স্বস্তি, মাত্র ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কোথায় মিলবে?
বার্তা ডেস্কঃ
মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের হেঁসেলে বড় স্বস্তি দিয়ে পুজোর আগেই নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে সস্তায় পেঁয়াজ বিক্রি শুরু করল রাজ্য সরকার। বর্তমানে খুচরো বাজারে যেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা, সেখানে মাত্র ৩৫ টাকা কেজি দরে তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই ৯টি জায়গায় এই বিশেষ কাউন্টার চালু করা হয়েছে এবং রাজ্যের অন্যান্য জেলা ও সদর শহরগুলিতেও এই উদ্যোগ সম্প্রসারণের কাজ চলছে। মহারাষ্ট্রের নাসিক থেকে সংগৃহীত এই পেঁয়াজ ‘নাফেড’-এর সহযোগিতায় জনসাধারণের জন্য উপলব্ধ করা হচ্ছে।
কৃষি বিপণন দফতরের এই পদক্ষেপে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি অনেকটাই স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। পেঁয়াজগুলি দুই কেজির প্যাকেটে বিভক্ত করে ৭০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে, যা সুফল বাংলা স্টল সহ নির্দিষ্ট ন্যায্যমূল্যের কাউন্টারগুলিতে পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই সুবিধা মিলবে এবং পরবর্তীতে রাজ্যের সমস্ত খুচরো বাজার ও ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে তা ধাপে ধাপে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।