ইউপিআই লেনদেনে নতুন নিয়ম, আপনার পকেট থেকে কি বাড়তি টাকা খসবে?

বার্তা ডেস্কঃ

আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি কিছু নির্দিষ্ট ডিজিটাল মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর ধার্য করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। দীর্ঘদিন পর ইউপিআই লেনদেনে এই নতুন ফি যুক্ত হলেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার অক্টোবরের মুদ্রানীতি পর্যালোচনার পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানান, নতুন এই মার্চেন্ট চার্জ চালু হওয়ার পর ইউপিআই লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য কোনো পতনের সম্ভাবনা নেই।

তবে সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর হলো, এই নতুন চার্জ সরাসরি ক্রেতার ওপর চাপানো হবে না। পণ্য বা পরিষেবার দাম মেটানোর সময় গ্রাহকের বিলের সঙ্গে বাড়তি কোনো টাকা যোগ করার নিয়ম নেই। মূলত পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত মার্চেন্টদের ওপরই এই এমডিআর প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারের মতে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও ভারসাম্য নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য ইউপিআই লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে রাখার নীতি অপরিবর্তিত থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *